৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, জনবল সংকটে পরিচালনা নিয়ে প্রশ্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১০:৫৪
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভবনে স্থাপিত এই জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। যদিও এর আগে একাধিকবার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
তবে উদ্বোধনের আগেই জাদুঘরের জনবল সংকট সামনে এসেছে। পাঁচ মাস আগে ৯৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনো নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি। ফলে স্থায়ী জনবল ছাড়া জাদুঘরের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন এবং জাদুঘর উদ্বোধন উপলক্ষে এক সভায় ৫ আগস্ট উদ্বোধনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভা শেষে জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জানান, উদ্বোধন সামনে রেখে প্রদর্শনীর উপকরণ সংযোজন, নিরাপত্তা, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ডিজিটাল কনটেন্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরাই জাদুঘরের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে অংশ নেওয়া প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেওয়া হবে। শিক্ষার্থী ও গবেষকদের জন্য থাকবে বিশেষ কর্মসূচি ও গাইডেড ট্যুরের ব্যবস্থা। প্রবেশের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে।
একাধিক ঘোষণা, তবু হয়নি উদ্বোধন
অন্তর্বর্তী সরকারের সময়ও কয়েক দফা জাদুঘর উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একাধিকবার পরিদর্শন করে দ্রুত উদ্বোধনের নির্দেশনা দিলেও তা বাস্তবায়িত হয়নি।
গত বছরের ১৪ জুলাই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ২০২৫ সালের ৫ আগস্ট জাদুঘর উদ্বোধন করা হবে। পরে বিদেশি কূটনীতিকদেরও জাদুঘর পরিদর্শনে নেওয়া হলেও নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি।
চলতি বছরের ১২ মে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর পরিদর্শন শেষে বলেন, ৫ আগস্টের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। একই তথ্য সংসদেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
নিয়োগে অগ্রগতি নেই
জাদুঘরের ৯৬টি পদে নিয়োগের জন্য গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শেষ হয় ৪ ফেব্রুয়ারি। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি।
শুরুতে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মৌখিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হলে চাকরিপ্রার্থীদের সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপর থেকে নিয়োগ প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত দায়িত্ব হিসেবে জুলাই স্মৃতি জাদুঘরের কাজ করছেন। সংশ্লিষ্টদের মতে, পূর্ণাঙ্গভাবে জাদুঘর পরিচালনার জন্য এই জনবল যথেষ্ট নয়।
মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ৯৬টি পদের বিপরীতে প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়েছে। আবেদন যাচাই-বাছাই চলছে এবং নিয়োগ প্রক্রিয়ায় তাড়াহুড়া করা হচ্ছে না। তবে ৫ আগস্টের আগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • খামেনির রাষ্ট্রীয় জানাজার মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
- • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- • তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান, অতিথি থাকবেন ১০০–১৫০ জন
- • ফিলিস্তিনের আরও বিপুল এলাকা দখলের অনুমোদন ইসরায়েলের
- • শেষ ষোলোয় কে কার মুখোমুখি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
