০৫ জুলাই ২০২৬, রবিবার, ১৬:১১

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

টানেল প্রকল্পের বিলাসবহুল অতিথিশালা ২৯ বছরের জন্য ইজারা দেবে সরকার

টানেল প্রকল্পের বিলাসবহুল অতিথিশালা ২৯ বছরের জন্য ইজারা দেবে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১০:৩৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের আওতায় গড়ে তোলা বিলাসবহুল অতিথিশালা নির্মাণের তিন বছর পরও চালু করা যায়নি। জনবল সংকটের কারণে এটি ব্যবহার করা সম্ভব না হওয়ায় এবার বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য ২৯ বছরের ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, সর্বোচ্চ দরদাতাকে অতিথিশালাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। আগামী ১৩ জুলাই পর্যন্ত দরপত্র জমা নেওয়া হবে।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, আনোয়ারা প্রান্তে টানেলের সার্ভিস এরিয়ায় নির্মিত এই অতিথিশালায় প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের একটি সুসজ্জিত বাংলো রয়েছে। এতে ছয়টি কক্ষ, একটি সুইমিংপুল এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। প্রকল্পের আওতায় এ ছাড়া আরও ৩০টি রেস্টহাউস নির্মাণ করা হয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়টি বিবেচনায় রেখেই অতিথিশালাটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণ শেষ হলেও এটি কখনো চালু করা যায়নি।

সেতু বিভাগ বলছে, তিন বছর আগে নির্মাণকাজ শেষ হলেও পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় অতিথিশালাটি এখনো অব্যবহৃত রয়েছে। এ অবস্থায় এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের ২৯ অক্টোবর চালু হওয়া কর্ণফুলী টানেলে প্রত্যাশার তুলনায় অনেক কম যানবাহন চলাচল করছে। প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সম্ভাব্যতা সমীক্ষায় প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন চলাচলের পূর্বাভাস থাকলেও বর্তমানে গড়ে চলাচল করছে তিন হাজার ৮৭৮টি।

এ কারণে টোল আদায়ও প্রত্যাশার তুলনায় অনেক কম হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে টোল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১১ লাখ ২২ হাজার টাকা আয় হচ্ছে, অথচ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় ২৩ লাখ টাকা। এর আগে এ ব্যয় দৈনিক ৩৭ লাখ টাকা ছিল, যা বর্তমান সরকার কমিয়ে এনেছে।

১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটি পতেঙ্গার সঙ্গে আনোয়ারাকে যুক্ত করেছে। চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)। বর্তমানে প্রতিষ্ঠানটিই টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।

টানেলের দক্ষিণ প্রান্তে প্রায় ৭২ একরজুড়ে গড়ে তোলা সার্ভিস এরিয়ায় অতিথিশালা ছাড়াও রয়েছে সম্মেলনকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন, টানেলের প্রতিরূপ (রেপ্লিকা) এবং চট্টগ্রামের ঐতিহ্য ও বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর।

এদিকে সার্ভিস এরিয়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পারকি সৈকতের পাশে বাংলাদেশ পর্যটন করপোরেশন ১৩ একরের বেশি জমিতে ৭৯ কোটি টাকা ব্যয়ে একটি পর্যটন কমপ্লেক্স নির্মাণ করছে। প্রকল্পটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, অতিথিশালাটি নির্মাণের পর থেকে চালু করা যায়নি। পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি ২৯ বছরের জন্য বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হবে।

আরও পড়ুন