রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১২:০৯
রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের বক্স কালভার্ট রোডে আবুল বাশারের মালিকানাধীন একটি সাততলা ভবনের নিচতলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা রাজধানীর পান্থপথ এলাকার বিভিন্ন ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, জুয়েল ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় বুধবার রাতে তিনি বন্ধু রানা ও পারভেজকে নিয়ে বাসায় যান। পরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।
তিনি আরও জানান, বাসাটির নিচে একটি সেপটিক ট্যাংক রয়েছে। দীর্ঘদিন ধরে কক্ষের মেঝে অস্বাভাবিক গরম থাকত এবং বাড়ির আশপাশে প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। বিষয়টি বাড়ির মালিককে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে জমে থাকা গ্যাসে দিয়াশলাই জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে।
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, দগ্ধদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় রানাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অপর দুইজন বার্ন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত তিনজনের চিকিৎসা চলছে। এর মধ্যে একজন আইসিইউতে এবং বাকি দুজন বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন
- • দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রী মুনতিয়ানুর পদত্যাগ
- • ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
- • বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি
- • খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
