‘এটি শুধু জয় নয়, পুরো আর্জেন্টিনার জন্য বিশেষ মুহূর্ত’—ইংল্যান্ডকে হারিয়ে মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১০:২৯
ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় অধিনায়ক লিওনেল মেসি বলেন, এটি কেবল একটি জয় নয়, বরং পুরো আর্জেন্টাইন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘শুরু থেকেই সবকিছু ছিল অবিশ্বাস্য। মাঠে প্রবেশের সময় এবং জাতীয় সংগীত বাজানোর মুহূর্তে আমরা বিশেষ এক আবেগ অনুভব করেছি। এটা শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না। আমরা জানতাম, এই জয় পুরো আর্জেন্টিনার মানুষ চায়, আমরাও চাই। এই জয় আমাদের আবারও বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছে।’
টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। এই দল অসাধারণ। ম্যাচে পিছিয়ে পড়ার পরও আমরা কখনো বিশ্বাস হারাইনি। নিজেদের ফুটবল খেলেছি, প্রতিপক্ষকে চাপে রেখেছি এবং শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছি।’
দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে মেসি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আমি এই দলকে বিশ্বাস করতাম। জানতাম, আমরা শেষ পর্যন্ত লড়ব। এখন টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সফল হওয়া সত্যিই অসাধারণ।’
সমালোচকদের উদ্দেশে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই দল আমাকে অবাক করে না। আমি জানতাম আমরা কী করতে পারি। অনেকেই আমাদের নিয়ে সন্দেহ করেছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু এই দল একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা বের করে আনতে পারে।’
আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘আমাদের মতো আপনারাও এই মুহূর্তটা উপভোগ করুন। আমরা চার বছর ধরে বিশ্বচ্যাম্পিয়ন, আর এখন আবার বিশ্বকাপের ফাইনালে। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, তা পূরণ করেছি। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’
ফাইনালে প্রতিপক্ষ স্পেনকে নিয়ে মেসি বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে এবং দীর্ঘদিন ধরে একই ধরনের ফুটবল দর্শন অনুসরণ করছে। আমি তাদের অনেক খেলোয়াড়কে ভালোভাবে চিনি। এটি একটি বিশেষ ফাইনাল হবে এবং খুব কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছি।’
টানা দুই বিশ্বকাপ ফাইনালে ওঠার কৃতিত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘গত চার বছরে আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি। মানুষ পছন্দ করুক বা না করুক, আমাদের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়।’
বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতির কথাও জানান মেসি। তিনি বলেন, ‘গত বছরই আমি এবং কোচ লিওনেল স্কালোনি সিদ্ধান্ত নিয়েছিলাম, বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব। ডিসেম্বরজুড়ে আর্জেন্টিনায় সকাল-বিকেল অনুশীলন করেছি। আমার লক্ষ্য ছিল পুরোপুরি ফিট থেকে বিশ্বকাপ উপভোগ করা এবং দলের জন্য সর্বোচ্চটা দেওয়া।’
তিনি আরও বলেন, ‘শেষ কোপা আমেরিকায় আমি পুরোপুরি ফিট ছিলাম না। চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলাম এবং পুরো টুর্নামেন্টজুড়েই সেই সমস্যায় ভুগেছি। এবার তাই নিজেকে শতভাগ প্রস্তুত করেছি।’
সবশেষে ইংল্যান্ডের বিপক্ষে জয়টি আর্জেন্টিনার জনগণ এবং কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতি উৎসর্গ করেন মেসি।
তিনি বলেন, ‘আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পেরে গর্বিত। আমাদের দেশের মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন কাটায়। বিশ্বকাপ তাদের জন্য বিশেষ কিছু। তাই এই আনন্দ তাদের দিতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, ‘এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে চাইনি। ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো ছিলাম। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে। ইতিহাস ও আবেগ—সব মিলিয়ে এই জয় আমাদের জন্য বিশেষ।’
আরও পড়ুন
- • নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
- • ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল
- • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন মেয়র জোহরান মামদানি
- • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন
- • আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
- • শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন
- • ৬০ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, ইতিহাস কার পক্ষে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
