বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৬:৫৪
বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি পর্তুগাল ও স্পেন। আইবেরিয়ান উপদ্বীপের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই লড়াই শুধু নকআউট পর্বের ম্যাচ নয়, বরং এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথগুলোর একটি।
পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে স্পেন এগিয়ে থাকলেও, নকআউটের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা।
অপটা সুপার কম্পিউটারের ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৮.৬ শতাংশ। পর্তুগালের জয়ের সম্ভাবনা ২৫.৬ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।
শেষ ষোলোতে ওঠার পথে পর্তুগালকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গঞ্জালো রামোসের গোল, ভিএআরের বিতর্কিত সিদ্ধান্ত এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউট পর্বে প্রথম গোলের সুবাদে নাটকীয় জয় তুলে নেয় রবার্তো মার্টিনেজের দল।
অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের স্পেন এখন পর্যন্ত চার ম্যাচে কোনো গোল হজম করেনি। সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে লা রোজা। ওই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল।
পর্তুগালের বিপক্ষেও ক্লিন শিট রাখতে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল না খাওয়ার অনন্য রেকর্ড গড়বে স্পেন।
বর্তমানে স্পেন টানা ৩৪ ম্যাচ অপরাজিত। আজ হার এড়াতে পারলে ২০০৭-০৯ সালের ৩৫ ম্যাচের অপরাজিত থাকার জাতীয় রেকর্ড স্পর্শ করবে তারা।
কোচ লুইস দে লা ফুয়েন্তেও ইতিহাসের সামনে দাঁড়িয়ে। তার অধীনে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে প্রথম ১১ ম্যাচে অপরাজিত স্পেন। আজ জয় পেলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম ১২ ম্যাচে অপরাজিত থাকা তৃতীয় কোচ হবেন তিনি।
পর্তুগালের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে তার চারটি গোল রয়েছে, যা এই প্রতিপক্ষের বিরুদ্ধে যেকোনো ফুটবলারের যৌথ সর্বোচ্চ। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে তার স্মরণীয় হ্যাটট্রিক এখনও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে।
অন্যদিকে স্পেনের আক্রমণে আছেন দুর্দান্ত ফর্মে থাকা মিকেল ওইয়ারসাবাল। এবারের বিশ্বকাপে চার গোল করে তিনি ২০১০ সালে ডেভিড ভিয়ার পাঁচ গোলের পর এক আসরে স্পেনের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন।
দুই দলের বড় টুর্নামেন্টে পাঁচবারের দেখায় একটি করে জয় পেয়েছে উভয় দল, বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। তবে শেষ ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগালের জয় মাত্র একটি। যদিও সর্বশেষ ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।
পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও নকআউট ফুটবলে এক মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই ডালাসে আইবেরিয়ান ডার্বিতে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।
আরও পড়ুন
- • ওয়ান ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ
- • থাই বাজারে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে তৈরি কসমেটিকস, রফতানিতে নতুন সম্ভাবনা
- • আরলিং হালান্ড কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান?
- • জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে দাপুটে শুরু বাংলাদেশের
- • বিশ্বকাপে আইবেরিয়ান মহারণ আজ, অপটার চোখে এগিয়ে স্পেন
- • শ্রীলংকার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫
- • স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির
- • দুদকের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
