ট্রাম্পের ফোনের পর বদলাল ফিফার সিদ্ধান্ত, খেলতে পারছেন বালোগুন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১২:০৪
যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়ায় নতুন বিতর্কে পড়েছে ফিফা। কারণ, এই সিদ্ধান্তের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলে লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন বলে জানিয়েছে সিএনএন।
সংবাদমাধ্যমটির একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর ট্রাম্প ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেন। তিনি ঘটনাটি নতুন করে পর্যালোচনার আহ্বান জানান।
এরপর রোববার ফিফা জানায়, তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা প্রয়োগ করে বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে গোল করেছিলেন বালোগুন। তবে ৬৪তম মিনিটে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর প্রতিপক্ষের ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বিপজ্জনক ট্যাকলের দায়ে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
বিশ্বকাপের প্রচলিত নিয়ম অনুযায়ী, এই লাল কার্ডের কারণে পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। এমনকি যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও ধরে নিয়েছিল, এ নিষেধাজ্ঞা বাতিলের সুযোগ নেই।
তবে পরে দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনের পর ফিফা ব্যাখ্যা দেয়, বিশেষ পরিস্থিতিতে শাস্তি পুরোপুরি বা আংশিকভাবে স্থগিত রাখার ক্ষমতা শৃঙ্খলা কমিটির রয়েছে। সেই ক্ষমতাই প্রয়োগ করা হয়েছে বালোগুনের ক্ষেত্রে।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, লাল কার্ড বহাল থাকবে। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ করলে স্থগিত থাকা শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য অতিরিক্ত শাস্তিও ভোগ করতে হবে।
সিএনএনের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক দিন আগেই ট্রাম্প ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই ফিফার অবস্থান বদলায় বলে দাবি করা হয়েছে।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সঠিক কাজ করার জন্য এবং একটি বড় অন্যায় সংশোধনের জন্য ফিফাকে ধন্যবাদ।’
এ ঘটনায় ফিফার সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে সিএনএনের প্রশ্নের কোনো তাৎক্ষণিক জবাব দেয়নি ফিফা।
এদিকে সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। এক বিবৃতিতে তারা বলেছে, ফিফার এই সিদ্ধান্ত ২০২৬ বিশ্বকাপের প্রতিযোগিতা বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং প্রতিযোগিতার সমতা ও ন্যায্যতার প্রশ্ন তুলেছে।
ফেডারেশন জানিয়েছে, অংশগ্রহণকারী সব দলের অধিকার রক্ষায় সম্ভাব্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।
বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়াও কটাক্ষ করে বলেন, ‘আমি জানতাম না, ফিফার ক্যালেন্ডারে ৫ জুলাই মানেই ১ এপ্রিল।’ তার ভাষায়, বেলজিয়াম শুধু নিজেদের স্বার্থ নয়, ফুটবলের সততা ও নৈতিকতাও রক্ষার চেষ্টা করছে।
অবশ্য এ ধরনের ক্ষমতা এর আগেও ব্যবহার করেছে ফিফা। গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে দুটি ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। তার দীর্ঘদিনের শৃঙ্খলাপূর্ণ রেকর্ড বিবেচনায় নিয়ে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে বালোগুনের ক্ষেত্রে একই বিধান প্রয়োগের পর বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র বিশেষ সুবিধা পেয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
- • নেইমারের বিদায়ে আবেগঘন পলাশ,বললেন ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’
- • টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী
- • ব্রাজিল বিদায়ে নেইমারের জন্য মন খারাপ মাশরাফির, প্রশ্ন আনচেলত্তির সিদ্ধান্তে
- • ট্রাম্পের ফোনের পর বদলাল ফিফার সিদ্ধান্ত, খেলতে পারছেন বালোগুন
- • মাশহাদে দাফনের আগে তেহরানে লাখো মানুষের শোকযাত্রা
- • তেলাপিয়া মাছ কি স্বাস্থ্যকর?
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
