সুন্দরবনে ৯০ দিনের নিষেধাজ্ঞা, জীবিকার সংকটে বননির্ভর মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ২০:১৬
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম সুরক্ষায় আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা ৯০ দিনের জন্য বনাঞ্চলে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। এ সময় মাছ ও কাঁকড়া আহরণ, বনসম্পদ সংগ্রহ এবং পর্যটন কার্যক্রমও বন্ধ থাকবে।
এ সিদ্ধান্তে খুলনা অঞ্চলের সুন্দরবননির্ভর প্রায় এক লাখ নিবন্ধিত ও অনিবন্ধিত বনজীবী, জেলে, বাওয়ালি, মৌয়াল, ট্রলারচালক ও পর্যটনসংশ্লিষ্ট পরিবার জীবিকাগত সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, বিকল্প আয়ের সুযোগ না থাকায় প্রতিবছরের মতো এবারও অনেক পরিবার খাদ্যসংকট ও ঋণের চাপে পড়বে।
কয়রা উপজেলার মাঠবাড়ী গ্রামের বনজীবী লিটন হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞার এই তিন মাস আমাদের আয় বন্ধ হয়ে যায়। সংসার চালাতে হিমশিম খেতে হয়। অনেক সময় চড়া সুদে ঋণ নিতে হয়, যা সারা বছরই চাপ সৃষ্টি করে। সরকারি সহায়তা না পেলে এবারও কষ্টে পড়তে হবে।’
পর্যটন ও নৌযান খাতেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কয়রা কাটকাটা বোট মালিক সমিতির সভাপতি এনামুল কবির রিপন বলেন, ‘সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ থাকলে ট্রলারচালক, সহকারী ও গাইডদের কোনো কাজ থাকে না। বিকল্প কর্মসংস্থানের সুযোগও খুব সীমিত। তাই এই সময়ে সরকারি সহায়তা প্রয়োজন।’
স্থানীয় সংগঠনগুলোর নেতারাও বননির্ভর মানুষের জন্য খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন। উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম বলেন, সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় জেলেরা সরকারি সহায়তা পেলেও সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষেরা প্রায়ই সেই সুবিধার বাইরে থেকে যান। তাঁদের জন্যও বিশেষ খাদ্য সহায়তার ব্যবস্থা করা উচিত।
কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, ‘সুন্দরবন রক্ষা করতে হলে বননির্ভর মানুষের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। ক্ষুধার্ত মানুষের কাছে পরিবেশ সংরক্ষণের বার্তা কার্যকর হয় না।’
তবে বন বিভাগ বলছে, জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই এ নিষেধাজ্ঞা প্রয়োজন। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে মানবসৃষ্ট চাপ কমাতে প্রতিবছরের মতো এবারও বনাঞ্চলে প্রবেশ ও সম্পদ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বন ও বন্যপ্রাণীর স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে বননির্ভর মানুষের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেন, বনজীবীদের জন্য ভিজিএফসহ খাদ্য সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে বনজীবীদের জন্য বিশেষ খাদ্য বরাদ্দ এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে।
পরিবেশবিদদের মতে, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এ ধরনের মৌসুমি নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে বননির্ভর মানুষের জীবিকা সুরক্ষায় কার্যকর সহায়তা কর্মসূচি চালু না হলে উপকূলীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
আরও পড়ুন
- • নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
- • ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল
- • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন মেয়র জোহরান মামদানি
- • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন
- • আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
- • শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন
- • ৬০ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, ইতিহাস কার পক্ষে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
