অর্থনীতিবিদদের পূর্বাভাস: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, ব্যর্থ হতে পারে ব্রাজিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৭:১৯
আগামী ফুটবল বিশ্বকাপে শিরোপার সবচেয়ে জোরালো দাবিদার হিসেবে ফ্রান্সকে দেখছেন বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদেরা। রয়টার্স পরিচালিত এক বৈশ্বিক জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের বড় একটি অংশের মতে, ফাইনালে স্পেনকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে ফরাসিরা। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সম্ভাব্য সবচেয়ে বড় হতাশার দল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১১ মে থেকে ৫ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন অর্থনীতিবিদ। তাঁদের সামনে ছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে মতামত দেওয়ার সুযোগ। ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের এই আসর বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। তিনটি দেশে একযোগে আয়োজনও হচ্ছে প্রথমবার।
জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়ে শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। ৩১ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে স্পেন। অর্থনীতিবিদদের এই পূর্বাভাস বেটিং প্ল্যাটফর্মগুলোর সাম্প্রতিক সম্ভাব্যতার হিসাবের সঙ্গেও অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
পূর্বাভাস সত্যি হলে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নতুন ইতিহাস গড়বেন। ১৯৩৮ সালে ইতালিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতানো ভিত্তোরিও পোজোর পর তিনিই হবেন একমাত্র কোচ, যিনি দুটি বিশ্বকাপ শিরোপা জিতবেন। পাশাপাশি খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই দুটি করে বিশ্বকাপ জয়ের বিরল কীর্তিও গড়বেন তিনি।
শিরোপা প্রত্যাশীদের তালিকায় ফ্রান্স ও স্পেনের পর রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।
লন্ডনভিত্তিক আরবিসির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডির মতে, ২০২২ বিশ্বকাপ ফাইনালে হারার পর এবার আরও প্রস্তুত ও পরিণত দল হিসেবে দেখা যাচ্ছে ফ্রান্সকে। তাঁর ভাষায়, আগের ফাইনালে খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার এখনও দলে আছেন এবং তাঁদের অনেকেই এখন ক্যারিয়ারের সেরা সময়ে। এর সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের সংযোজন দলটিকে আরও শক্তিশালী করেছে।
বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখছেন জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ দুটিরই অন্যতম দাবিদার ফরাসি এই ফরোয়ার্ড।
তবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও রয়েছেন কাছাকাছি অবস্থানে। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে তিনি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও দুজনের সামনে রয়েছে একটি বড় মাইলফলক। এমবাপ্পের বিশ্বকাপ গোলসংখ্যা ১২, কেনের ৮। সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি এখনও জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে।
অন্যদিকে ব্রাজিলকে নিয়ে আশাবাদী নন জরিপে অংশ নেওয়া অনেকেই। প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ মনে করেন, টুর্নামেন্টে সবচেয়ে বড় হতাশার নাম হতে পারে ব্রাজিল। এরপর সম্ভাব্য ব্যর্থ দলের তালিকায় রয়েছে ইংল্যান্ড ও জার্মানি।
চমক দেখানোর সম্ভাব্য দল হিসেবে আলোচনায় এসেছে নরওয়ে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের নেতৃত্বে দলটি প্রত্যাশার চেয়ে ভালো করতে পারে বলে মত দিয়েছেন অনেকে।
উদীয়মান তারকাদের তালিকায় সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন স্পেনের ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। আর সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’-এর সম্ভাব্য দাবিদার হিসেবে উঠে এসেছে ফ্রান্সের মাইক মেনিয়ান, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ ও স্পেনের উনাই সিমনের নাম।
আরও পড়ুন
- • সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল
- • বিশ্বকাপ ট্রফির মূল্য জানলে অবাক হবেন
- • রোববার থেকে বর্ধিত সময়সূচিতে চলবে মেট্রোরেল
- • ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
- • অর্থনীতিবিদদের পূর্বাভাস: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, ব্যর্থ হতে পারে ব্রাজিল
- • পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা
- • মৌসুমীর পরিচালনায়, সেন্সর ছাড়পত্র পেল ‘বিচ্ছেদ বেদনা’
- • বিশ্বকাপ উপলক্ষে হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
