০৫ জুলাই ২০২৬, রবিবার, ২৩:৫২

শিরোনাম
হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২২:৩৮

নীলফামারীর ডিমলা উপজেলার চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি আমলে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে রয়েছেন। এ সময় এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছে। একই কক্ষে উপস্থিত ছিলেন আরও দুই সহকারী শিক্ষিকা—ওয়াহিদা জান্নাত মুনমুন ও মনি আক্তার। তাদের একজন মোবাইল ফোন ব্যবহার করছিলেন, অন্যজন গল্পে ব্যস্ত ছিলেন।

ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণের অপরিচ্ছন্ন পরিবেশও উঠে আসে। বিভিন্ন স্থানে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়া বিদ্যালয়ের প্রবেশমুখে কয়েকটি ছাগলও ঘোরাফেরা করতে দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, বিদ্যালয় শিশুদের শিক্ষা ও নিরাপত্তার জায়গা। সেখানে শিক্ষার্থীকে দিয়ে কোনো শিক্ষকের ব্যক্তিগত কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিয়ার রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় জানান, ভিডিওটি নজরে আসার পর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন