০৫ জুলাই ২০২৬, রবিবার, ২৩:৩৩

শিরোনাম
হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
শিরোনাম
হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

নরওয়ের বিপক্ষে ফিরছেন নেইমার, ইঙ্গিত আনচেলত্তির

নরওয়ের বিপক্ষে ফিরছেন নেইমার, ইঙ্গিত আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২২:০৬

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবুও নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমারের সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। তবে বিশ্বকাপের মতো আসরে খেলতে হলে পুরোপুরি ফিট থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গেই খেলতে পারেন এবং ভবিষ্যতে তাদের একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা রয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে এস পাউলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার খেলার জন্য প্রস্তুত থাকলেই তাকে ব্যবহার করা হবে। ম্যাচে কতক্ষণ খেলবেন, সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে প্রয়োজন হলে তিনি পুরো ৯০ মিনিট খেলতে পারবেন বলেও বিশ্বাস প্রকাশ করেন এই ইতালিয়ান কোচ।

জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেইমারকে নামানো হতে পারে বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকে বেঞ্চেই রাখা হয়। এ বিষয়ে আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের সম্ভাবনা মাথায় রেখেই নেইমারকে অপেক্ষায় রাখা হয়েছিল। কিন্তু সমতা ফেরানোর পর দলের কৌশলে পরিবর্তনের প্রয়োজন হয়নি বলে তাকে আর মাঠে নামানো হয়নি।

নিজের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট খেলেছেন নেইমার। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও এরপর আর সুযোগ পাননি। বিষয়টি নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, সেটিও স্বীকার করেছেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, বেঞ্চে বসে কোনো ফুটবলারই সুখী থাকে না, নেইমারও তার ব্যতিক্রম নন। তবে অনুশীলনে তার পেশাদারিত্ব, সতীর্থদের প্রতি সম্মান এবং দলের প্রতি ইতিবাচক মনোভাব প্রশংসার দাবি রাখে। তার মতে, খেলতে চাওয়ার আগ্রহই একজন ফুটবলারের সবচেয়ে বড় ইতিবাচক দিক।

এদিকে, ইনজুরিতে ছিটকে গেছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। এছাড়া রাফিনিয়া অনুশীলনে ফিরলেও এখনো শতভাগ ফিট নন। ফলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই সুযোগে বদলি হিসেবে নেইমারের মাঠে নামার সম্ভাবনাও বেড়েছে।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (রোববার) দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি ২০০২ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন