নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২০:৫৬
বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (২৩ জুলাই) নৌ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। অনুষ্ঠানে কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইয়ে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন নৌপ্রধান। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। নিজ ব্যাচে তিনি মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম স্থান অধিকার করেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া এমফিলসহ স্ট্র্যাটেজিক, ডিফেন্স ও অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সেরও একজন কৃতি গ্র্যাজুয়েট তিনি।
ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন।
প্রায় চার দশকের কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নৌ সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং বানৌজা তিতুমীরের অধিনায়ক ছিলেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক পর্যায়ে লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জাতীয় স্কাউট পুরস্কার (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেছেন। এছাড়া তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নিজস্ব সক্ষমতায় জাহাজ নির্মাণ, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন নতুন নৌবাহিনী প্রধান।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ
- • ১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্রকে অবস্থান বদলের আহ্বান ইরানের
- • মসজিদে নববিতে চালু হলো ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র
- • তানজানিয়ায় ইসলামের ইতিহাস ও বর্তমান বাস্তবতা
- • মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল
- • নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
