শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২১:৫৬
‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর (BEAR) সামিট ২০২৬।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর নভোথিয়েটারে এ সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।
তিনি বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আন্তর্জাতিক আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস। এছাড়া সাতটি কৌশলগত প্যানেল আলোচনায় সরকার, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), দেশি-বিদেশি শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক শিল্প প্রতিনিধিরা অংশ নেবেন।
সামিটে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল উন্নয়ন, গবেষণা, বৈশ্বিক অংশীদারত্ব, উন্নত উৎপাদনব্যবস্থা, বাণিজ্যিকীকরণ, ইকোসিস্টেম গঠন এবং উদীয়মান ডিপ-টেক প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরা থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স বিষয়ে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী আয়োজনে ১১টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এতে গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নিয়ে দেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল নিয়ে মতবিনিময় করবেন।
সচিব আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ‘সায়েন্স টু ইকোনমি: বিল্ডিং এ মার্কেট-লিংকড, ইনোভেশন-ড্রিভেন বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে কাজ করছে। সামিটের মাধ্যমে দেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতের সম্ভাবনা বিশ্বদরবারে তুলে ধরা হবে।
সামিটের দ্বিতীয় দিনে ‘বাংলাদেশের ডিপ-টেক ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে ক্রেইস্ট ফেলোস রিসার্চ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বেয়ার ইনোভেশন এক্সপো ২০২৬-এ শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করা হবে। এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে বিএসআইএর সভাপতি এম. এ. জাব্বার, সেক্রেটারি মো. হাসেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায়
- • আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার যেসব এলাকায়
- • আন্দোলনরত তরুণদের পাশে থাকার আহ্বান শচীনের
- • এক দিনের ব্যবধানেই মোদির সাফাই গাইলেন সালমান খান
- • শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
