হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ০৯:৩০
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। পুরো হজ ব্যবস্থাপনাজুড়ে চমৎকার সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি থাকায় লাখো মুসল্লি কোনো ভোগান্তি ছাড়াই তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন।
গত শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। হজের যাবতীয় ধর্মীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে এবার দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) দিবাগত রাত থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম।
সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে প্রথম ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে পাঁচ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন। এর আগে, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইটের এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
এ বছর হজ ব্যবস্থাপনায় বিশেষ তৎপরতা দেখিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহণ চুক্তি, আবাসন এবং ভিসাসহ সব ধরনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছিল। পাশাপাশি হজযাত্রী পরিবহণ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের বড় সময়সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী যথাসময়ে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন।
হজের আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ার কারণেই এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সফলতার কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের নয়, এটি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। ধর্মমন্ত্রী আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, প্রশাসনিক টিম এবং হজ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীও হাজিদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যার অংশ হিসেবে বিনামূল্যে লাগেজ র্যাপিং ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরাফা ও মিনায় বাংলাদেশি হাজিদের মাঝে জুস বিতরণের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল।
আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, হাজিদের ভোগান্তি আরও কমাতে কিছু হজ প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম নতুন করে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে হজের ব্যয় কমিয়ে আনার বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সৌদি আরবের সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এবারের হজ সম্পন্ন করায় সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার। বাংলাদেশ ও সৌদি সরকার, হজ-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, এজেন্সি এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা সম্ভব হয়েছে। অন্যদিকে, হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারও এবারের হজ ব্যবস্থাপনাকে অত্যন্ত সফল উল্লেখ করে বলেন, সব পক্ষের সমন্বিত উদ্যোগে হাজিরা এবার নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালন করতে পেরেছেন।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
