২৭ জুলাই ২০২৬, সোমবার, ০২:৫৩

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের

উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০০:৪৩

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালিয়ে দুটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। হামলার সময় বিভিন্ন স্থাপনার দেয়ালে হিব্রু ভাষায় উসকানিমূলক স্লোগানও লেখা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামে সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত ইসরায়েলিদের একজন পাশের একটি বসতির নিরাপত্তা সমন্বয়কারী ছিলেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ওই ঘটনার জের ধরেই রোববার ভোরে পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

নাবলুসের দক্ষিণ-পূর্বে কুসরা গ্রামের কাউন্সিলপ্রধান আবদেল আজিম ওয়াদি জানান, প্রায় নির্মাণ শেষ হওয়া একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। মসজিদটি নামাজের জন্য প্রস্তুত ছিল এবং ভেতরে প্রয়োজনীয় আসবাবপত্রও রাখা হয়েছিল।

তার দাবি, হামলাকারীরা মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি দেয়ালে ‘ইহুদিদের প্রতিশোধ’সহ হিব্রু ভাষায় একাধিক স্লোগান লিখে যায়। সেখানে তাল গ্রামের ঘটনায় নিহত এক ইসরায়েলির নামও উল্লেখ করা হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, রাষ্ট্রের মদদপুষ্ট বসতি স্থাপনকারীদের হামলা পরিকল্পিত গণসহিংসতার রূপ নিচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কুসরা গ্রামে অগ্নিসংযোগ ও দেয়ালে লেখা স্লোগানের প্রমাণ পাওয়া গেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ধর্মীয় উপাসনালয়ে হামলাসহ এ ধরনের সব ঘটনাকে তারা কঠোরভাবে নিন্দা জানায় এবং নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, তুলকারমের দক্ষিণ-পূর্বে কুর গ্রামের একটি মসজিদেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে মুসল্লিদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় মূল নামাজঘর রক্ষা পায়। একই সময়ে রামাল্লার কাছে কাফর মালিক এলাকায় একটি পাথর কাটার কারখানায় কর্মরত ফিলিস্তিনি শ্রমিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, তাল গ্রামে সশস্ত্র বসতি স্থাপনকারীরা প্রবেশ করলে তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, উভয় পক্ষ থেকেই গুলি ছোড়া হয়েছিল।

জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

এদিকে অক্টোবরের নির্বাচনের আগে পশ্চিম তীরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটিও বাতিল করা হয়েছে।

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার দাবি তুলেছেন দেশটির কট্টর ডানপন্থি কয়েকজন মন্ত্রী। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের অধিকাংশ সংস্থা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে মনে করে। যদিও ইসরায়েল সেই অবস্থান প্রত্যাখ্যান করে।

এদিকে পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। তিনি সব পক্ষকে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানান এবং সব ধর্মীয় উপাসনালয়ের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন