গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০১:৩৩
সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হওয়া বিতর্কে এবার তার পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকারা। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তার কোনো ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম নেই। ভিডিওটিও তিনি দেখেননি। তবে যাদের কাছ থেকে শুনেছেন, তারা জানিয়েছেন ভিডিওতে কোনো অশ্লীলতা নেই। তাই যদি সেটিই সত্য হয়, তাহলে শুধু গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না। ভিডিও না দেখে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করাও সমীচীন হবে না বলে জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিউটি রানী পালের প্রতি সংহতি জানিয়ে অনেক শিক্ষক-শিক্ষিকা লিখেছেন, শিক্ষকও একজন সাধারণ মানুষ। তাদেরও ব্যক্তিগত জীবন, আনন্দ প্রকাশ এবং মত প্রকাশের অধিকার রয়েছে। অথচ ব্যক্তিগত জীবনের একটি সাধারণ ভিডিও নিয়েই একজন শিক্ষককে সামাজিকভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে।
কলেজশিক্ষক জান্নাত আরা খান পান্না লিখেছেন, তিনি নাচতে না জানলেও যদি কারও কাছে হাঁটাও নাচ মনে হয়, তাহলে তার কিছু করার নেই। পোস্টের শেষে তিনি বিউটি রানী পালের প্রতি সংহতি জানান।
শিক্ষিকা সামিয়া শিকদার লিখেছেন, বিউটি রানী পালকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রানী পাল।
শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী বলেন, শিক্ষকও রক্ত-মাংসের মানুষ। তাদেরও আনন্দ প্রকাশের অধিকার রয়েছে। যা অশ্লীল, তা সবার জন্যই অশ্লীল; আর যা শালীন, তা কোনো পেশার মানুষের জন্য নিষিদ্ধ হতে পারে না।
শিক্ষক দীপা মণ্ডলের ভাষ্য, শিক্ষার্থীদের আনন্দময় পাঠদানের জন্য শিক্ষকদের নাচ, গান ও অভিনয়সহ নানা দক্ষতা অর্জনের কথা বলা হয়। অথচ একজন শিক্ষক নিজের আনন্দের একটি মুহূর্ত প্রকাশ করলেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল স্কুল ছুটির পর ব্যক্তিগত সময়ে ভিডিওটি ধারণ করেন। পরে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামে একটি ফেসবুক পেজে নেতিবাচক ক্যাপশন দিয়ে ভিডিওটি প্রকাশ করা হয়।
বিউটি রানী পাল অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি ডাউনলোড করে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করা হয়। তার দাবি, ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি এমন কাজ করেছেন এবং পরে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন করে তাকে হেনস্তার চেষ্টা করেন।
তবে অভিযুক্ত আসিফ আহমদ ইকবাল হিরণ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল ভিডিওটি সম্পর্কে বিউটি রানী পালের বক্তব্য জানতে চেয়েছিলেন।
এ ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিউটি রানী পালের প্রতি সমর্থন জানাচ্ছেন। অনেকেই একই গানে ভিডিও তৈরি করে প্রতিবাদও করছেন।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সুহেল মোল্লা জানান, সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘিত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন বিউটি রানী পাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
