ইরানের ভয়ে শেষ মুহূর্তে বিমান বদল ট্রাম্পের!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২১:০৬
ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফরে গিয়ে নিরাপত্তা হুমকির মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর নির্ধারিত উড়োজাহাজ পরিবর্তন করে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে দেশে ফেরেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কাতারের আমিরের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে করে তুরস্কে পৌঁছালেও ফেরার সময় সিক্রেট সার্ভিসের পরামর্শে সেই বিমান ব্যবহার করেননি।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, গোয়েন্দা সংস্থাগুলোর হাতে ইরান-সংশ্লিষ্ট হামলার সম্ভাব্য তথ্য পৌঁছানোর পরই প্রেসিডেন্টের নিরাপত্তা টিম উড়োজাহাজ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তবে হুমকিটি নির্দিষ্টভাবে নতুন বোয়িং ৭৪৭-৮-এর বিরুদ্ধে ছিল না; বরং ট্রাম্প যে উড়োজাহাজেই ভ্রমণ করুন না কেন, তাকে লক্ষ্য করেই ছিল বলে দাবি করা হয়েছে।
প্রথমদিকে হোয়াইট হাউস বিষয়টিকে নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করলেও পরে কর্মকর্তারা স্বীকার করেন, ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সফর শেষে ট্রাম্প অবশ্য প্রকাশ্যে দাবি করেছিলেন, ব্রিটেনে অবস্থানরত মার্কিন সেনারা যাতে নতুন উড়োজাহাজটি দেখতে পারেন, সে কারণেই তিনি বিমান পরিবর্তন করেছিলেন। সে সময় নিরাপত্তা হুমকির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, বর্তমান এয়ার ফোর্স ওয়ানে থাকা বেশ কয়েকটি উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এখনো নতুন বিমানটিতে যুক্ত হয়নি।
সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেও স্বীকার করেন, বিমানটিতে এখনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা নেই। তবে খুব শিগগিরই এটিকে সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তিতে উন্নীত করা হবে বলে জানান তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে ১৪ বছর পুরোনো বিমানটিতে দ্রুত সংস্কার চালানো হলেও চলতি বছরের শেষ দিকে অতিরিক্ত আধুনিকায়নের জন্য প্রায় এক মাস এটি পরিষেবার বাইরে রাখা হবে। ওই সময়ে ট্রাম্প পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই ভ্রমণ করবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, নতুন এয়ার ফোর্স ওয়ান বর্তমানে নিরাপদ হলেও শরতে এতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক সফরের সময় পাওয়া এই হুমকির তথ্য ইসরায়েলের দেওয়া আগের গোয়েন্দা তথ্য থেকে আলাদা। ওই তথ্যে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল। তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা সেই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প নিজেও বলেন, ইরান তাকে হত্যার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, "আমি তাদের প্রতিটি হিটলিস্টেই আছি। এখন পর্যন্ত ভাগ্য ভালো বলেই হয়তো বেঁচে আছি।"
অন্যদিকে, মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হুমকির মাত্রা এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। তার ভাষায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং হুমকির পরিবেশ নজিরবিহীন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
