২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১৮

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের

এআই আধিপত্য ঠেকাতে ২৯ দেশের জোট, যুক্তরাষ্ট্রকে বার্তা শি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৫:১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কোনো একক দেশের আধিপত্যের বিরোধিতা করে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে এআই প্রযুক্তির বিকাশ ও নীতিনির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিকল্প হিসেবে ২৯ দেশের একটি নতুন বৈশ্বিক জোটের নেতৃত্ব দিচ্ছে বেইজিং।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স) বক্তব্য রাখতে গিয়ে শি জিনপিং এ আহ্বান জানান।

তিনি বলেন, এআইয়ের বিকাশ কোনো একক দেশের অর্জন নয়; বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়া উচিত। জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তিগত বাধা সৃষ্টি বা এক দেশের নিরাপত্তাকে অন্য দেশের চেয়ে প্রাধান্য দেওয়ার প্রবণতা থেকেও বিশ্বকে সরে আসতে হবে।

শি আরও বলেন, ওপেন-সোর্স এআই উন্নয়ন বিশ্বকে একটি ‘ঐতিহাসিক সুযোগ’ এনে দিয়েছে। উন্নয়নশীল দেশগুলো যাতে সমানভাবে এআই সক্ষমতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে চীন আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

এআই প্রযুক্তি যেন সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা ও কার্যকর সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করে জনমুখী এআই উন্নয়ন করতে হবে।

এর আগে গত ১৬ জুলাই চীনের নেতৃত্বে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন (ডব্লিউএআইসিও) নামে ২৯ দেশের একটি জোট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংস্থাটির লক্ষ্য এআই প্রযুক্তিকে নিরাপদ, দায়িত্বশীল ও মানবকল্যাণমুখী করতে আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নে সহযোগিতা করা।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের ভবিষ্যৎ এআই নীতিমালা প্রণয়নে প্রভাব বিস্তারের লক্ষ্যেও এই জোটকে ব্যবহার করতে পারে বেইজিং।

বর্তমানে এআই চীনের শিল্পনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার। চিপ উৎপাদন, ডেটা সেন্টার নির্মাণ এবং এআইভিত্তিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও তীব্র করেছে দেশটি।

যদিও অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে, তবে বিশাল ডেটা সেন্টার, বিরল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় চীন উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থানে রয়েছে।

অন্যদিকে, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনের ওপর উন্নত প্রযুক্তি ও চিপ রপ্তানিতে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেইজিং এসব পদক্ষেপকে নিজেদের প্রযুক্তিগত অগ্রযাত্রা থামানোর চেষ্টা হিসেবে দেখছে। নতুন এআই জোটকে তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় একটি সমন্বিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চীনের নেতৃত্বাধীন নতুন এআই জোটের সদস্য দেশগুলো হলো— আলজেরিয়া, ব্রাজিল, বেলারুশ, ক্যামেরুন, কম্বোডিয়া, চীন, কঙ্গো, কিউবা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, লাওস, লেসোথো, মালয়েশিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নিকারাগুয়া, ওমান, পাকিস্তান, রাশিয়া, সেনেগাল, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভেনেজুয়েলা ও জাম্বিয়া।

আরও পড়ুন