রাজধানীর ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ডেমরা ব্রিজের কাছে লেগুনা ও বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং আহতের পরিচয় তৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি লেগুনা যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরাপা যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হন। এ ছাড়া লেগুনায় থাকা অন্যান্য যাত্রীও আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জাহাঙ্গীর আলমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
