৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৬

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন
শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা, ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক

বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা, ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১২:৩৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব বোর্ডে পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ৩৯৩ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

কড়া নিরাপত্তা ও বিশেষ নির্দেশনা

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো একাধিক নির্দেশনা দিয়েছে। প্রতিটি কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে নির্ধারিত আসনে অবস্থান নিশ্চিত করতে হবে। বিশেষ পরিস্থিতিতে বিলম্বে আসা শিক্ষার্থীদের তথ্য নথিভুক্ত করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

প্রশ্নপত্র নিরাপত্তায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করা হবে। পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছাবে এবং নির্ধারিত সেট কোড পাওয়ার পরই তা খোলা যাবে।

সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

এবার সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং ডিভিআর/এনভিআর সংক্রান্ত তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও ক্যালকুলেটর বা অনুমোদিত উপকরণ ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

এদিকে, পরীক্ষা চলাকালে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে।

 

প্রতিফলন/রাশ

 

আরও পড়ুন