রাজধানীতে সাতটি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২০ এপ্রিল) সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে নির্দেশনা জারি করে।
‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা সাত পাম্প হলো- আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।
নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরো স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
