উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৯:২৫
দেশের ৫০০ উপজেলার মধ্যে বর্তমানে মাত্র পাঁচটিতে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পর্যায়ক্রমে ৩১ ও ৫১ শয্যার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে। হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীর শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। পুষ্টি, টিকাদান, মাতৃস্বাস্থ্য, শিশুর বিকাশ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ ও ক্যানসারের মতো বিষয়ে আগাম পরামর্শ পেলে অনেক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ থাকবেন নারী, যারা পরিবারভিত্তিক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দেওয়ার কাজ করবেন।
স্বাস্থ্যখাতে চলতি বাজেটের বরাদ্দ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসে এবারই সর্বোচ্চ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ১ দশমিক ০২ শতাংশ। আগামী পাঁচ বছরে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসা সরঞ্জামের দাম কমাতে ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, পেসমেকার, অক্সিজেনেটর, ক্যানসার চিকিৎসার কিছু কাঁচামালসহ বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ও ট্যাক্স কমানো হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশুস্বাস্থ্য সুরক্ষায় বরিশাল ও রাজশাহীতে নির্মিত ২০০ শয্যার শিশু হাসপাতালসহ দেশের পাঁচটি শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন ও দেশের সংকটময় সময়ে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
