সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২০:০৫
১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাবে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু, মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্বপ্রণোদিত তদন্তের ক্ষমতা দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ বাস্তবায়ন করা হয়েছে। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য এবং উচ্চ আদালতে চলমান কয়েকটি রিট মামলার কারণে এটি পুরোপুরি কার্যকর হয়নি।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি জানান, ডিজিটাল সম্প্রচার, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।
পডকাস্ট, ব্লগিং ও ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্ট নিয়েও একটি যুগোপযোগী নীতিগত কাঠামো তৈরির বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
সংসদে দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ৩৩৮টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ১ হাজার ৪৩৬টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, মাসিক ৪৫২টি, পাক্ষিক ২১৫টি এবং অন্যান্য পর্যায়ের পত্রিকা রয়েছে ৫৪টি।
তথ্যমন্ত্রী আরও জানান, সাংবাদিকতার নীতি-নৈতিকতা পরিপন্থী সংবাদ প্রকাশের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন। অভিযোগের শুনানিতে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সাংবাদিককে সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কার করে রায় দেওয়া হয়।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • এআই ভুয়া ছবি নিয়ে মুখ খুললেন সেলিম
- • ট্রাম্পের 'যুদ্ধবিরতি শেষ' ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
- • আজকের দিনেই জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল ব্রাজিল
- • নিউইয়র্কে বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ‘মানুষের বাগান’
- • তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত
- • সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন
- • সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
