২৭ জুলাই ২০২৬, সোমবার, ১০:২৮

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ থাকবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৯:৪৯

যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পাল্টা সামরিক অভিযান চালাবে না বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

আলজাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অতীতে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করলেও বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

রয়টার্স জানায়, টানা ১৩ রাতের বিমান হামলার পর গত শুক্রবার রাতে ইরানে অভিযান সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর শনিবার ও রোববার নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে কোনো পাল্টা হামলা চালায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত—হামলার জবাব হামলা। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতে সাময়িকভাবে সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, আলোচনার সুযোগ তৈরি করতেই এই বিরতি দেওয়া হয়েছে।

তবে রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, টানা দুই সপ্তাহের অভিযানে পূর্বনির্ধারিত অধিকাংশ লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে বড় পরিসরের সামরিক অভিযান পুনরায় শুরুর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের সিদ্ধান্তকে তেহরান এখনো স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না। তার ভাষ্য, ইরানের নীতিনির্ধারকদের মধ্যে আশাবাদের চেয়ে সংশয়ই বেশি। অনেকের ধারণা, এই বিরতি কৌশলগত; এটি প্রকৃত যুদ্ধবিরতির ইঙ্গিত নয়।

এর আগে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে হুমকির জেরে যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক হামলা শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় কয়েকটি দেশে অবস্থিত পানি লবণমুক্তকরণ স্থাপনায় হামলা চালায়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এ অঞ্চলের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও গভীর উদ্বেগ তৈরি করেছে।

এদিকে যুদ্ধের গতি কমলেও অনিশ্চয়তা কাটেনি। রয়টার্সকে তেহরানের এক ব্যবসায়ী বলেন, ‘দেশের সবাই অনিশ্চয়তার মধ্যে আছে। যুদ্ধ শেষও হচ্ছে না, আবার পুরোপুরি এগোচ্ছেও না। এই পরিস্থিতি খুবই ক্লান্তিকর।’

আরও পড়ুন