৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৬

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১২:৪১

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি (ইনডাস ওয়াটারস ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নয়া দিল্লিকে কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির হিস্যা কেড়ে নেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার দাবি, সিন্ধু নদীর পানি পাকিস্তানের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন ও সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, "পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আমাদের পানির হিস্যায় কেউ হাত দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে।"

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সিন্ধু পানি চুক্তি এখনও কার্যকর রয়েছে এবং কোনো একক দেশ একতরফাভাবে এই চুক্তি স্থগিত, বাতিল বা সংশোধন করতে পারে না।

তিনি আরও দাবি করেন, এ ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান কূটনৈতিক সমর্থন পাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, "পানি পাকিস্তানের জীবনরেখা" এবং এই ইস্যু দেশটির জন্য একটি 'রেড লাইন', যেখানে কোনো আপস করা হবে না।

উল্লেখ্য, ২০২৫ সালে ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হওয়ার পর ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সেই ঘটনার পর থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে পানিবণ্টন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

আরও পড়ুন