০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২১

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৪:৪০

দেশে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগ দেওয়া হতে পারে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়ে আপিল বিভাগ সরকারের আবেদন গ্রহণ করে রায় দিয়েছেন। ফলে এখন এসব পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। আগের মতো পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজন অনুভূত হচ্ছে না, যা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তবে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, প্রায় ৫ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে ভর্তি হলেও তারা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি। সাধারণ ধারায় প্রায় ৩৩ শতাংশ, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষায় ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। তাঁর মতে, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এটি উদ্বেগজনক চিত্র।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বরাদ্দের অর্থের অপচয় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অতীতে নেওয়া ঋণ ও অনুদানের যথাযথ ব্যবহার হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের। সরকারের ভূমিকা হবে তাদের সহযোগিতা করা, যাতে তারা কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন