লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১১:৫৪
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন এক পরীক্ষার মুখে পড়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে দুই মিত্র দেশের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সমঝোতা ও যুদ্ধবিরতি উদ্যোগের প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেলআবিবের অবস্থানের পার্থক্য এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। লেবাননও এর বাইরে নয়। তবে ওই সমঝোতার পরও ইসরায়েল সেখানে সামরিক অভিযান অব্যাহত রাখায় ওয়াশিংটনের অসন্তোষ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে লেবাননের কিছু অংশে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি রয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব এলাকা থেকে দ্রুত সরে না যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান বলছে, যুদ্ধবিরতির চেতনার সঙ্গে এ অবস্থান সাংঘর্ষিক। তেহরান একাধিকবার সতর্ক করে জানিয়েছে, লেবাননে সংঘাত অব্যাহত থাকলে বৃহত্তর আঞ্চলিক সমঝোতাও ঝুঁকির মুখে পড়তে পারে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান এবং লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েল সংশ্লিষ্ট সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রত্যাশার কথা উল্লেখ করেন।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ইতিবাচক প্রভাব বিশ্ববাজারেও পড়েছে এবং তেলের দাম কমতে শুরু করেছে।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সহিংসতা পুরোপুরি বন্ধ না হলেও লেবাননকে কেন্দ্র করে নতুন যুদ্ধবিরতির বিষয়ে নীতিগত অগ্রগতি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই ফ্রন্টই এখন পুরো সমঝোতা প্রক্রিয়ার সবচেয়ে স্পর্শকাতর অংশ।
কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, লেবানন প্রশ্নে ইরান অত্যন্ত সংবেদনশীল অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে তেহরান সহজে ছাড় দেবে না।
এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিভিন্ন সংগঠনও সমঝোতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, চুক্তির কিছু ভাষা এমনভাবে লেখা হয়েছে, যা হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের স্বাধীনতাকে সীমিত করতে পারে।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের নীতিবিষয়ক পরিচালক রায়ান কস্টেলোর মতে, লেবানন ইস্যুতে সমঝোতা ভেঙে গেলে ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তাঁর ভাষ্য, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছে যে একতরফা পদক্ষেপের ক্ষেত্রে আগের মতো নিঃশর্ত সমর্থন নাও মিলতে পারে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সম্প্রতি ইসরায়েলের নিরাপত্তা কৌশল নিয়ে মন্তব্য করেছেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে কোনো দেশ তার সব নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না। তাঁর মতে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা বেড়েছে এবং যুক্তরাষ্ট্রই এখনো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ ডাস মনে করেন, লেবাননে ইসরায়েলের চলমান অভিযান বৃহত্তর যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এ বিষয়টি এখন ট্রাম্প প্রশাসনও উপলব্ধি করছে।
তাঁর ভাষায়, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ও ইরান—উভয় ইস্যুতেই সমঝোতা বিলম্বিত হওয়ার পেছনে তাঁর সরকারের ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সমীকরণে লেবানন এখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র। সেখানে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
আরও পড়ুন
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • দেশের বাজারে স্বর্ণের দরপতন, নতুন মূল্য ঘোষণা
- • বিশ্বকাপে কুরাসাওয়ের রূপকথা,আলোচনায় কুরাসাও গোলরক্ষক
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
