২২ জুন ২০২৬, সোমবার, ২০:৩৮

শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৯:০৮

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। দেশটির পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রথমবারের মতো দেশের প্রায় অর্ধেক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তীব্র গরমের কারণে ফ্রান্সের শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী প্যারিসে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার স্কুলের মধ্যে ৮০০টির বেশি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ ছাড়া প্রায় ১ হাজার ৮০০ স্কুলে পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনেক স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সন্তানদের বাড়িতে রাখার অথবা দুপুরের আগেই স্কুল থেকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সোমবার সকালে প্যারিস অঞ্চলের প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়। একই সঙ্গে অতিরিক্ত তাপমাত্রার কারণে গণপরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়।

প্যারিস অঞ্চলের প্রধান ভ্যালেরি পেক্রেস বলেন, অতিরিক্ত তাপমাত্রা পরিবহন ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করবে। তাঁর ভাষ্য, অত্যধিক গরমে রেললাইন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

এ বছর মে মাসে অস্বাভাবিক গরমে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার রেকর্ড ভাঙার পর এটি দেশটির দ্বিতীয় বড় তাপপ্রবাহ। আবহাওয়াবিদেরা সতর্ক করে বলেছেন, চলমান পরিস্থিতি ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহের কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় ফ্রান্সে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রভাব। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, যার ফলে ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হতে পারে।

মেতেও-ফ্রান্সের তথ্য অনুযায়ী, ১৯৪৭ সালের পর দেশটিতে রেকর্ড হওয়া ৫১টি তাপপ্রবাহের মধ্যে ৩৪টিই ঘটেছে ২০০০ সালের পর। আর অর্ধেকের বেশি তাপপ্রবাহ দেখা গেছে ২০১১ সালের পর থেকে।

আরও পড়ুন