১০ জুন ২০২৬, বুধবার, ০০:১১

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ৪১, তাঁবুতে চলছে চিকিৎসাসেবা

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ৪১, তাঁবুতে চলছে চিকিৎসাসেবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৪:৪২

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪৫০ জনের বেশি। এদিকে তীব্র গরমের মধ্যে খোলা মাঠে টাঙানো তাঁবুতে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে চিকিৎসকদের। এমনকি অস্থায়ী চিকিৎসাকেন্দ্রেই এক তরুণী মায়ের সন্তান প্রসব করানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতীয় ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত সারাঙ্গানি প্রদেশের কিছু এলাকায় এখনো কেবল হেলিকপ্টারে পৌঁছানো সম্ভব হচ্ছে। ভূমিকম্প-পরবর্তী পরাঘাতের আশঙ্কায় উদ্ধার তৎপরতাও ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আঞ্চলিক সিভিল ডিফেন্স প্রধান রদ্রিগো সসমেনা বলেন, “এখনো পরাঘাত হচ্ছে। তাই উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।”

প্রথম ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর থেকেই একাধিক শক্তিশালী পরাঘাত অনুভূত হয়। পরে শত শত ক্ষুদ্র কম্পনও রেকর্ড করা হয়েছে।

অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে কিছু এলাকা অন্তত এক সপ্তাহ বিচ্ছিন্ন থাকতে পারে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ এবং একটি সেতুও ধসে পড়েছে।

জেনারেল সান্তোস শহরের উপকণ্ঠের একটি হাসপাতালে ভবনের নিরাপত্তা ঝুঁকির কারণে ৬০ জনের বেশি রোগীকে হাসপাতালের বাইরে অস্থায়ী শয্যায় রাখা হয়েছে।

হাসপাতালের এক কর্মকর্তা বলেন, “ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী এটি আর ব্যবহারযোগ্য নয়।”

এদিকে গ্লান পৌরসভায় ভূমিধসে অন্তত ১৩ জন নিজ বাড়ির নিচে চাপা পড়ে মারা যান।

জেনারেল সান্তোসে ধসে পড়া একটি মুদি দোকানের ধ্বংসস্তূপে আটকে পড়া দুই কর্মীর মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকারী কুকুর নিয়েও চলছে তল্লাশি অভিযান।

ভূমিকম্পের পর দক্ষিণ ফিলিপাইন ও প্রতিবেশী ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে শপিং সেন্টার, স্কুল ভবন ও রেস্তোরাঁ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। এক ভিডিওতে আতঙ্কিত শিশুদের বাঁচাতে শিক্ষকদের জড়িয়ে ধরার দৃশ্যও ধরা পড়ে।

আরও পড়ুন